১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুলশানের রেস্তোরাঁয় 'বৈঠক থেকে' আওয়ামী লীগের ৬ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ আছেন কারাগারে, একটি অংশ আত্মগোপনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 01:44 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় 'গোপন বৈঠক' থেকে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। 

পুলিশ প্লাজার ৫ম তালা একটি রেস্তোরাঁ থেকে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গুলশান থানার মো. দাউদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপনীয় বৈঠকে মিলিত হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।"

বৈঠক করার উদ্দেশ্য এবং তাদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি।

চব্বিশের আন্দোলনে ক্ষমতা হারিয়ে ওই বছরের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

এছাড়া দলটির জ্যেষ্ঠ নেতাদের আরও একটি অংশ রয়েছে আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথাও জানিয়েছে পুলিশ।