১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুলশান-বারিধারা লেক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানে লেক দখলের জন্য অবৈধভাবে নির্মিত স্থাপনা, লেকের পাশের নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে বসানো বাঁশ ও নেট উচ্ছেদ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

রাজধানীর গুলশান লেক এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর।

অভিযানে লেক দখলের জন্য অবৈধভাবে নির্মিত স্থাপনা, লেকের পাশের নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে বসানো বাঁশ ও নেট উচ্ছেদ করা হয় এবং ‘ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া’ ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারসহ পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম এবং গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান অভিযানে উপস্থিত ছিলেন। 

গুলশান লেক দখলের চেষ্টা নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে। 

গুলশান-মহাখালী সংযোগ সড়কের পাশে ব্র্যাক সেন্টারের কাছে লেকের অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখতে দেখা যাচ্ছিল কয়েক দিন ধরে। জলাশয়ের একটি অংশ নেট দিয়ে ঘিরে ফেলে টিনের একটি ঘরও তৈরি করা হয়েছিল। একটি সাইনবোর্ডে আইনগত বিজ্ঞপ্তি দিয়ে সেখানে জমির পরিমাণ ১০ কাঠা বলে তুলে ধরা হয়েছিল।

লেকের ওই অংশ দখল নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর সোমবার সেখানে গিয়ে লেক ভরাটের চেষ্টা বন্ধ করে দেয়।