১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরায় ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১০

“বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটেছে। আমরা ধারণা করছি, গ্যাস সিলিন্ডারের লিক থেকে এই ঘটনা ঘটেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 10:29 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ঢাকার উত্তরার কামারপাড়ায় একটি বাসায় ‘গ্যাস লিক থেকে’ বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে বামনারটেক কবরস্থান সড়কে রাজ্জাক মেম্বারের বাড়ির পাশে ওই ভবনে বিস্ফোরণের কথা জানান তুরাগ থানার এসআই মাহমুদুল।

তিনি বলেন, “বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটেছে। আমরা ধারণা করছি, গ্যাস সিলিন্ডারের লিক থেকে এই ঘটনা ঘটেছে।”

ভোর ৫ টার দিকে দগ্ধ অবস্থায় ১০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় বলে জানান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন- রুবেল (২৭), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৪), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৫), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩০), তার স্ত্রী দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩৫), এনায়েতের ভাগ্নি আয়েশা আক্তার (১৮) এবং আবু কালাম রুবেল (৩৫) নামে আরো একজন।

এরমধ্যে রুবেলের শরীরের ৩২ শতাংশ, সোনিয়ার শতভাগ, রোজার ১৮ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, দুলারার ১৪ শতাংশ, জুনায়েদের ২৪, হাবিবের ১৯, আয়েশার ১২ এবং আবু কালামের ৭ শতাংশ পুড়েছে।

তাদের প্রতিবেশী ও এনায়েতের ভাগ্নে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসায় থাকেন রুবেল-সোনিয়া দম্পতি ও তাদের সন্তান। রুবেল মোটরসাইকেলে রাইড শেয়ার করেন।

রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী, কিছুদিন আগে দেশে ফিরেছেন। পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।

তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

সাজেদ বলেন, “ভোরে বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে গিয়ে দেখি ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে।”