Published : 11 Feb 2026, 11:45 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।
ভোটের আগের দিন বুধবার সকাল থেকে ভোটের 'মালামাল বিতরণ' কেন্দ্র থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারসহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলেজ প্রাঙ্গণে আসতে থাকেন।
জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
বুধবার সকাল ৯টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ সব সরঞ্জাম।
ঢাকা-১৩ আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কেন্দ্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এ কার্যক্রম শুরু হয় বেলা সোয়া ১১ টার দিকে।
সহকারী প্রিজাইডিং অফিসার ফারহানা বিলকিস বলেন, "আমরা সকাল ১০টা থেকেই নির্বাচনি সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীসহ পরিপূ্র্ণ সেটআপসহ রেডি হয়ে সবকিছু বুঝে নিতে হচ্ছে, সেজন্য কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লেগেছে।"
প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিবেন এবং স্ব স্ব কেন্দ্রে চলে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে ১৩ টি আসনের ভোট কেন্দ্রগুলাোয় মালামাল বিতরণের কাজ সকাল থেকে শুরু হয়েছে। আজকে দিনের মধ্যে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে মালামাল নিয়ে পৌঁছতে পারবে।
“কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে সেটি তারা সম্পন্ন করবেন এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি।”
সকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে রিকুইজিশন করা বাসগুলো রাখা আছে। ভেতরে বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। আনসারসহ অন্যান্য বাহিনী ও সংস্থার সদস্যরা নির্বাচনি সরঞ্জাম নিতে অপেক্ষায় আছেন।
ভেতরে ব্যালট বাক্স বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের দায়িত্বশীলদের কাছে। সেসব মালামাল সংগ্রহ করে বাসে তুলে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেছেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মালামাল গ্রহণ ও বিতরণ করতে ঢাকা মহানগরীর ১৫টি আসনের কেন্দ্রগুলোর জন্য বেশ কয়েকটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ঢাকা-৮ আসনের জন্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের জন্য নির্বাচনি সরঞ্জাম নিতেআসা একজন আনসার সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টায় এখানে এসেছি, সিরিয়াল অনুয়ায়ী দিচ্ছে। এই মাত্র নির্বাচনি সরঞ্জাম (দুপুর সাড়ে এগারটার দিকে) হাতে পেয়েছি।”
গেল ২ ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।
সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়।
এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত ছিল; ভোটের আগের দিন বুধবার সেসব কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।
এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২০২৮ জন।
৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে।
সব মিলিয়ে ৪২৯৫৮ কেন্দ্রে ভোট হবে। এবার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার রয়েছেন।
এদিন সন্ধ্যায় ভোট উপলক্ষ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সিইসির।
ভোটের সামগ্রী কেন্দ্রে যাবে বুধবার