বানভাসিরা পেলেন নতুন ঘর
“প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।”
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় গিয়ে সরকারপ্রধান ঘরের চাবি দেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন।
“তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখান একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।”
এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গেল মাসের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছি। বন্যায় শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টার যোগে চট্টগ্রামের আরেক উপজেলা ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ তিনি সাক্ষাৎ করবেন।
