১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিনামূল্যে ঘর: গৃহ ও ভূমিহীন মুক্ত হচ্ছে আরও ৩ জেলা

এই আয়োজনের মধ্য দিয়ে মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

বিনামূল্যে ঘর: গৃহ ও ভূমিহীন মুক্ত হচ্ছে আরও ৩ জেলা
মুজিববর্ষের বিশেষ কর্মসূচি হিসেবে সারা দেশে গৃহ ও ভূমিহীনদের মধ্যে ঘর বিতরণের ঘোষণা দিয়েছিল সরকার। চার ধাপে বিতরণ করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ১২টি ঘর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:25 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

তিন জেলার ১১টি উপজেলায় ঘর হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোতে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছেন মঙ্গলবার। 

জেলা তিনটি হল লালমনিরহাট, ভোলা ও কক্সবাজার। 

এই আয়োজনের মধ্য দিয়ে মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। 

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে পঞ্চম ও শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। 

মুজিববর্ষের বিশেষ কর্মসূচির মাধ্যমে এর আগে চার ধাপে ঘর পেয়েছেন ১৩ লাখ ৩০ হাজার ৬০ জন ছিন্নমূল মানুষ। ঘরের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১২টি। 

এই আয়োজনে কক্সবাজার ও ভোলার তিনটি করে এবং লালমনিরহাটের পাঁচটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। এই তিন জেলার বাকি উপজেলাগুলো আগেই গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। 

তবে এদিন মোট ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। 

সোমবার কক্সবাজার জেলার ডিসি মোহম্মদ শাহীন ইমরান ঈদগা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে গিয়ে বলেন, তার জেলায় তিন উপজেলায় ঘর পাচ্ছেন ২৬১ জন। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জমি ও ঘর হস্তান্তরের আয়োজনে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশন সরাসরি সংযুক্ত হবে। 

আশ্রয়ণ প্রকল্প এবং অন্যান্য কার্যক্রমে এখন পর্যন্ত ৪৩ লাখ ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছে ২৯ লক্ষ ১০ হাজার ২৬৫ জন। 

এসব ঘর তৈরির জন্য সারাদেশে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৯৪৫ একর খাস জমি, যার বাজারমূল্য প্রায় ৩ হাজার ৮৮৩ কোটি টাকা। 

এর বাইরে আশ্রয়ণ প্রকল্পের জন্য কেনা হয়েছে ৩৭১ দশমিক ১০ একর জমি। খরচ হয়েছে ২৫৫ কোটি ৯৯ লাখ টাকা। এসব জমিতে ১৫ হাজার ৫৪৫ জনকে পুনর্বাসিত করা হয়েছে।