ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
“এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন,” বলেন তিনি।
ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য সুশৃঙ্খল পুনর্বাসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, “অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করার ফলে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন।”
শনিবার দুপুরে রাজধানীর হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “বর্তমান সরকার কাজে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।”
স্থানীয় নাগরিকদের সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট এমপিদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও উপস্থিত ছিলেন।
