১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ভিড় কম সচিবালয়ে

সচিবালয় ঘুরে অন্যান্য সময়ের তুলনায় সোমবার ভিড় কম দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 03:28 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটি কাটিয়ে অফিস আদালত খুললেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি কম দেখা গেছে।

সোমবার সচিবালয়ের ভেতের ঘুরে অন্যান্য সময়ের তুলনায় ভিড় কম দেখা যায়। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “লম্বা ছুটির পরে খোলার দিন উপস্থিতি এমনিতে একটু কম থাকে। মঙ্গলবার থেকে সবকিছু পুরোদমে সরব হবে।“

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গত কদিনের তুলনায় যানবাহনের চাপও বেশি দেখা গেছে। 

দুর্গোৎসব টানা পাঁচদিন ধরে চললেও, এর আগের বছরগুলোতে কেবল প্রতিমা বিসর্জনের দিন বিজয় দশমীতে সরকারি ছুটি থাকত।

এবারে রোববার দশমী হওয়ায় আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিন ছুটি পাচ্ছিলেন চাকরিজীবীরা। 

অন্তর্বতী সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবারও সাধারণ ছুটি ঘোষণা করলে টানা ৪ দিন ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।  

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে; খুলবে ২০ অক্টোবর।

তবে কেবল দুর্গাপূজা নয়, এর সঙ্গে ফাতেহা ই-ইয়াজদাহাম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এ মাসে বন্ধ থাকছে ৯ দিন; এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সেটি গিয়ে দাঁড়াচ্ছে ১১ দিনে।

পুরনো খবর

দুর্গাপূজা: বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন ছুটি