২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

“বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়,” বলা হয় বিবৃতিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 04:22 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।

“বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়। বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”

শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে তাদের নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে, সেখানে তাদের ‘মাদকচক্রে সমর্থন’ দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন সহযোগিতা না করলে আবার হামলা চালানো হবে। 

আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় অভিযানের আইনি ভিত্তি নিয়ে ট্রাম্প প্রশাসন বিভ্রান্তি তৈরি করেছে। কারণ একদিকে এটাকে লক্ষ্যভিত্তিক আইন প্রয়োগকারী অভিযান বলা হচ্ছে, অন্যদিকে ভেনেজুয়েলার ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়া হচ্ছে। চীন, রাশিয়াসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের এই হস্তাক্ষেপের নিন্দা জানিয়েছে। সমালোচনা হচ্ছে ট্রাম্পের নিজের দেশেও। সেনেটর বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে কমলা হ্যারিস এমনকি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের নিন্দা করেছেন।