২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১০ দিনের রিমান্ড আবেদন শুনে কাঠগড়ায় হাসলেন মেনন

মেনন হেসে বলেন, “শেষ তো, যাই।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 12:36 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

হত্যা মামলার শুনানিতে ১০ দিনের রিমান্ড আবেদনের কথা শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হেসেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান।

শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনি হত্যার মামলায় রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন সকাল ৯টার দিকে আদালতে আনা হয় মেননকে, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে। 

রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

শুনানিতে আইনজীবী তানভীর বলেন, “১৪ দল আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে রাশেদ খান মেননকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।"

শুনানি শেষে আদালত সাবেক এই মন্ত্রীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

পরে কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন হেসে বলেন, “শেষ তো, যাই।"

এরপর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।