১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, একজন দগ্ধ

‘ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি থেকে ট্যাংকে তেল মানানো হচ্ছিল ওই সময় আগুন লাগে।"

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, একজন দগ্ধ
ঢাকার মহাখালীতে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ সিএনজি ফিলিং স্টেশনে রোববার সন্ধ্যায় আগুন লাগার পর তা দাউদাউ করে জ্বলতে দেখা যায়। অনেক দূর থেকে দেখা যায় আগুনের শিখা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে অন্তত একজন দগ্ধ হয়েছেন।  

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়।

তবে তখনও সেখানে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

‘ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি থেকে ট্যাংকে তেল মানানো হচ্ছিল ওই সময় আগুন লাগে।"

ওই ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল।

এ অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। আমাদের দশটি ইউনিট সেখানে আধা ঘণ্টার মত কাজ করেছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন নামের ৫৫ বছর বয়সী একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, "তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। পাশাপাশি তার শ্বাসনালীও পুড়েছে।"