২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যাত্রাবাড়ীতে এক পরিবারের তিনজন দগ্ধ

“তাদের সবার শ্বাসনালী পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক,” বলছেন চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 09:28 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ঢাকার যাত্রাবাড়ীতে ঘরে আগুন লেগে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। 

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

তবে কীভাবে ওই বাসায় আগুন লাগল, তা নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে। 

হাসপাতাল বলেছে, সিলিন্ডারের লিকেজ থেকে সেখানে গ্যাস জমেছিল বলে তারা জানতে পেরেছে। আর পুলিশ বলছে খোলা ম্যানহোল থেকে গ্যাস জমার সম্ভাবনার কথা।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বুধবার রাত ১টার দিকে ‘রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে’ ওই আগুন লাগে। 

এতে রিপন (৪০), রিপনের স্ত্রী ইতি (৩০) এবং তাদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে রাফিয়া দগ্ধ হয়। রাত ২টায় তাদের হাসপাতালে আনা হয়।

“রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ এবং রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার শ্বাসনালী পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।”

যাত্রাবাড়ী থানার এএসআই আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ ফারুক রোডের ওই ছয় তলা ভবনের নিচ তলার বাসায় রাতে মশার কয়েল ধরানোর সময় ‘জমে থাকা গ্যাসে’ আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

"ওই বাসায় বাথরুম ম্যানহোলের মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে জমে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।"

ওই বাসায় রিপনরা তিনজনই থাকতেন। রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।