গৌরব ফেরাতে গবেষণায় বিশেষ নজর দিন: ঢাবিতে প্রধানমন্ত্রী
“তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের আরও উন্নয়ন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে অক্সফোর্ড বলা হত, সেই গৌরবে ফিরে যাবে”, বলেন শেখ হাসিনা।
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গৌরব ফেরাতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেছেন, “গবেষণার দিকে বিশেষভাবে নজর দিন। তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের আরও উন্নয়ন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে অক্সফোর্ড বলা হত, সেই গৌরবে ফিরে যাবে।”
রোববার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণকালে তিনি এ কথা বলেন। এই শিক্ষায়তনের সাবেক ছাত্রী শেখ হাসিনাই ছিলেন ৫৪তম এই সমাবর্তনের সমাবর্তন বক্তা।
জাতির পিতাকে মরণোত্তর সম্মানসূচক এই ডিগ্রি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমার বাবা বাংলাদেশের মানুষকে খুব ভালোবেসেছেন। এদেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। এদেশের মানষের ভাগ্য গড়তে চেয়েছিলেন। তার আদর্শ ধারণ করে আমাদের দেশটা এমনভাবে গড়তে চাই, যাতে জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারি।”
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যারা দেশের সরকার ক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষের জন্য ‘কিছু না করে’ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।
“জাতির পিতা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়ে তোলাই আমার লক্ষ্য। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “লেখাপড়া শিখে গ্রামের মানুষকে ভুলে গেলে চলবে না। তাদের জন্য কাজ করতে হবে।”
মানুষের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের কথা চিন্তা করে কর্ম পরিকল্পনা করে যাচ্ছি। গত ১৫ বছর আমরা সরকারে, বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ, সেটা আমরা করতে পেরেছি।”
১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবার সমাবর্তন হয়। এবার হল ৫৪তম সমাবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, অতিথিসহ প্রায় ১৮ হাজার ব্যক্তি অংশগ্রহণে বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই ডিগ্রি প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর আগে মোট ৫৩ জনকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সমাবর্তনে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার ওপর জোর দিতে বলেছেন। আর এই গবেষণা কার্যক্রমের জন্য পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা ও উদ্ভাবন ক্যাম্পাস’ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
সমাবর্তনে তিনি বলেন, “বিশ্বের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। প্রণীত মাস্টারপ্ল্যান অনুযায়ী এর গবেষণা অবকাঠামো পুনর্বিন্যাস অপরিহার্য।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ সমাবর্তনে বক্তব্য দেন। সঞ্চালনা করেন রেজিস্টার প্রবীর কুমার সরকার।
