১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এসএসসি: আগামী বছরে নিয়মিতদের সংক্ষিপ্ত, অনিয়মিতরা পূর্ণাঙ্গ সিলেবাসে

এ সংক্রান্ত চিঠি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব মাধ্যমি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।

এসএসসি: আগামী বছরে নিয়মিতদের সংক্ষিপ্ত, অনিয়মিতরা পূর্ণাঙ্গ সিলেবাসে
এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রশ্নপত্রে চোখ বুলাচ্ছেন এক শিক্ষার্থী। ছবি: সুমন বাবু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 10:43 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে; তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় বসতে হবে। 

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এ সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এদিন সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী বছর এসএসসি পরীক্ষায় যে শিক্ষার্থীরা বসবেন তারা নবম শ্রেণিতে বাতিল হয়ে যাওয়া নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছিলেন। কিন্তু গতবছরের সেপ্টেম্বরে ওই শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ার পর তারা বিভাগ বিভাজনসহ ২০১২ সালের শিক্ষাক্রমে দশম শ্রেণিতে পড়েছেন। 

“তাই আগামী বছর নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।”

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এই পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “চলতি বছর যে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন তারা ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমেই নবম ও দশম শ্রেণিতে পড়েছেন। তাই আগামী বছর যে শিক্ষার্থীরা মানোন্নয়ন বা অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে এসএসসি পরীক্ষায় বসবে তাদের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই নেওয়া হবে।”

এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে এমন নির্দেশনা সব শিক্ষাবোর্ডের জন্যই প্রয়োজ্য হবে বলেছেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রণীত ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়। 

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ সেপ্টেম্বর শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। 

শিক্ষাক্রম বাতিল ঘোষণা করে ওইদিন জারি করা পরিপত্রে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরণ ও নম্বর বণ্টন গত ২৮ ডিসেম্বর প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। 

পরে ২ জানুয়ারি বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনে সিলেবাস সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছিল।