১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদির জানাজায় যোগ দিতে আসছে মানুষ, বডি ওর্ন ক্যামেরা নিয়ে সতর্ক পুলিশ

কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, কেউ আবার গায়ে জড়িয়েছেন পতাকা। হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন কেউ কেউ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা ঘিরে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 

পুলিশ বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশেপাশে এলাকা জুড়ে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান বলেন, হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকেও এরই মধ্যে তাদের সদস্যদের মোতায়েন করার কথা জানানো হয়েছে।

এদিকে জানাজায় অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হতে শুরু করেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। ছোট-বড় মিছিল নিয়ে হাজারো তারা সংসদ ভবন এলাকায় আসছেন। 

তাদের কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, কেউ আবার গায়ে জড়িয়েছেন পতাকা। হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন কেউ কেউ। 

খামারবাড়ি গোল চত্বরের সামনে দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউতে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। কাউকে সন্দেহ হলে সেখানে তল্লাশি করা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, তারা সাধারণ পোশাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আশপাশের ভবনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে হাদির জানাজাকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়।

বেলা ২টায় ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার দাফন হবে।

সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয় পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন।

সাড়ে ১০টার দিকে তিনি বলেন, “পোস্টমর্টেম চলমান আছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজায় বিপুল লোকসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডিএমপি বলেছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে তাদের সংগঠনের আহ্বায়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে।

হাদির মৃত্যুর ঘটনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।

পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

সংসদ ভবনসহ বিভিন্ন অংশে বিজিবি-পুলিশ মোতায়েন

হাদির মৃত্যুপালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

হিমঘরে কফিনবন্দি হাদিপ্রতিবাদের উত্তাপ দেশজুড়ে

হাদির ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে