১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা

“নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান,” বলেন তিনি।

ভোটের আগে লটারিতে এসপি-ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণে নির্বাচন সংক্রান্ত বিষয় বলার পর আজকের বৈঠকে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে৷”

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেছেন। 

সরকারের তরফে সকল প্রকার সাহায্য-সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব।”

প্রধান উপদেষ্টার এ ঘোষণার পর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এ বৈঠক হল।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

“নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান৷ কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি সাংবাদিক প্রতিনিধিদের সামনে লটারি করবো।”

লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পদায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, “স্যারের (প্রধান উপদেষ্টা) নির্দেশনা থেকে, এখন কর্মকর্তারা যেখানেই থাকুন না কেন নির্বাচনের আগে বিশেষ করে পুলিশ বিভাগে লটারির মাধ্যমে বদলি করা হবে৷”

জাহাঙ্গীর আলম বলেন, ‘ও অমুকের সমর্থক, সে তমুকের সমর্থক’-কারো মধ্যে যেন এরকম কোনো সন্দেহ না থাকে।

তিন বলেন, “এসপিদের বিষয়ে (লটারি) এখানে (সচিবালয়ে) করা হবে, আর ওসিদের বিষয়ে একটা পদ্ধতির মধ্যে বিভাগীয়ভাবে করা হবে।”

নির্বাচনের তফসিল ঘোষণা করার কিছুদিন আগে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

“এরপরেও নির্বাচন কমিশন যদি করতে চায়, তফসিল ঘোষণা পর তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে,” বলেন তিনি।

এদিন নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এছাড়া ভোটের তারিখের দুইমাস আগে তফসিল ঘোষণা করে হবে বলেও জানিয়েছেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ‘বডি ক্যামেরা’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।