Published : 31 Jul 2026, 04:33 PM
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি ‘কারখানার’ সন্ধান পাওয়ার তথ্য দিয়েছে র্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা এবং এটি তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।
শুক্রবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিংয়ে কথা বলেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।
মোহা. আসাদুজ্জামান বলেন, “অভিযানে ১৯৬৮টি ইয়াবা, এই মাদক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রায় দুই বছর ধরে ইয়াবা উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো কারখানার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে; যা যাচাই করে দেখা হচ্ছে।”
গ্রেপ্তারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তবে গ্রেপ্তাররা সবাই পেশাদার মাদক কারবারি বলেও দাবি করেছে র্যাব।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো অবৈধ নয়। বিভিন্ন শিল্পকারখানায় সেগুলোর বৈধ ব্যবহার রয়েছে। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের কৌশল তৈরি করেছে। কাঁচামালের উৎস এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চক্রটি কামরাঙ্গীরচর, পুরান ঢাকা ও আশপাশের এলাকায় তাদের মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”