Published : 13 May 2026, 05:41 PM
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা অবকাঠামো গড়ে তুলতে বাজেট বাড়ানো, সফট স্কিল ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করাসহ একগুচ্ছ সুপারিশ উঠে এসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক কর্মশালায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার এ কর্মশালায় উচ্চশিক্ষা ব্যবস্থার টেকসই রূপান্তরে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার সাপোর্ট সেন্টার, উদ্ভাবনী কেন্দ্র ও স্টার্টআপ ইনকিউবেটর স্থাপনের কথাও তুলে ধরেছেন শিক্ষাবিদ, গবেষক, শিল্প প্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধিরা।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।”
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, কর্মশালার সুপারিশগুলো দেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে এ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
ইউজিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উচ্চশিক্ষার পাঁচটি ক্ষেত্র নিয়ে কর্মশালায় টেকনিক্যাল সেশন হয়েছে। কর্মশালায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, মূল্যায়ন ব্যবস্থা চালু, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ বাড়ানো এবং শিল্পখাতের অর্থায়নে গবেষণা তহবিল গঠনের সুপারিশ করা হয়।
এছাড়া শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, উচ্চশিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে শিল্প প্রতিনিধিদের সম্পৃক্ত করা, খাতভিত্তিক জনবল চাহিদা নির্ণয়, ‘আউটকাম-বেইজড’ এডুকেশন বাধ্য্তামূলক করা এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কার্যক্রম নিশ্চিত করার সুপারিশ করা হয়।
আলোচনা শেষে এসব সুপারিশ তুলে ধরেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সামসুজ্জোহা বায়েজীদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. এনামউল্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম সোহরাব উদ্দিন।
কর্মশালায় সামাজিক প্রভাবসম্পন্ন গবেষণা পরিচালনা, পেটেন্ট নীতি হালনাগাদ, আধুনিক ল্যাব ও গবেষণা সরঞ্জাম সরবরাহ এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানমুখী গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শন দেন আলোচকরা।
ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলামও কর্মশালায় উপস্থিত ছিলেন।