মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত: অপমৃত্যু মামলা
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আর কোনো অভিযোগ থাকলে তারা দিতে পারবেন, বলেন ওসি।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
দিনের বেলা এ দুর্ঘটনার পর রোববার রাতে তেজগাঁও থানায় এ মামলা হওয়ার তথ্য দেন এ থানার ওসি মোবারক হোসেন।
নিহত আবুল কালাম আজাদের (৩৫) স্ত্রী আইরিন আক্তার পিয়া অপমৃত্যুর এ মামলা করেন।
রোববার ফার্মগেট এলাকায় ফুটপাত দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নং পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান আজাদ।
মামলার বিষয়ে ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
তিনি বলেন, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আর কোনো অভিযোগ থাকলে তারা দিতে পারবেন। পরে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
