১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল চলছে ‘পুরো পথে’

“সকাল ১১টায় পুরো পথে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে,” বলেন ডিএমটিসিএলের রেজাউর রহমান আকন্দ।

মেট্রোরেল চলছে ‘পুরো পথে’
ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির পরদিন সোমবার বেলা ১১টা থেকে পুরোদমে চলছে মেট্রোরেল। ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির পরদিন পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল, সকালে এই অংশে ট্রায়াল চালানো হয়।

“এরপর সকাল ১১টায় পুরো পথে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে।”

রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিয়ারিং প্যাড খসে পড়লে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। 

এরপর বিকাল থেকে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল করতে দেখা যায়। তবে দুর্ঘটনার পর থেকেই আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল বন্ধ হলেও সেবার কোনো প্রাণহানি ঘটেনি।

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে এই ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়।

এই বিয়ারিং প্যাড খসে পড়ে রোববার প্রাণ হারিয়েছেন এক যুবক।

এই বিয়ারিং প্যাড খসে পড়ে রোববার প্রাণ হারিয়েছেন এক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত ব্যক্তির পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। সেই সঙ্গে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।