Published : 28 Feb 2026, 05:53 PM
প্রায় দেড় বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন— যমুনা ছাড়লেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকাল সোয়া ৩টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে দেবেন— এমন নির্দেশনা আমাদের কাছে ছিল। পরে সোয়া ৩টার দিকে তিনি (ইউনূস) যমুনা ছেড়ে চলে যান।”
ইউনূসের যমুনা ছাড়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমও।
এদিকে অধ্যাপক ইউনূস যমুনা ছাড়ার আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।
তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলাম প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রতিনিধি দলের বাকি দুজন হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
এই সাক্ষাতের পর যমুনা ছাড়েন ইউনূস, যিনি ২০২৪ সালের ৮ অগাস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ভবনটিতে ওঠেন।
এরমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্বে এলেও তিনি যমুনাতেই থাকছিলেন। এরমধ্যে যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের তরফে জানানো হয়, মুহাম্মদ ইউনূস শুক্রবার বিকালে যমুনা ছাড়বেন।
কিন্তু একই দিন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকালে উনার যমুনা ছেড়ে দেওয়ার কথা রয়েছে।"
সেদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী যমুনায় থাকবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন। মাসখানেক সময় লাগবে প্রধানমন্ত্রী বাসবভবনের কিছু কাজ আছে, তা করতে।"
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে থাকছেন। তিনি সেখান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন।
২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনে থেকেছেন।
আরও পড়ুন