Published : 15 Sep 2026, 12:07 PM
ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী।
নিহত আল আমিনের বয়স ৪২ বছর; আহত রাজিবের বয়স ৪০ বছর। তারা ‘অনন্ত হাউজিং লিমিটেড’ নামে একটি কোম্পানিতে চাকরি করতেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রাজিব জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত রাজিব জানান, প্রতিদিনের মত সোমবারও তারা অফিস শেষ করে একসঙ্গে বাসায় ফিরছিলেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন; আল আমিন ছিলেন পেছনে।
“আমরা সাদ্দাম মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন সামনে উল্টো দিক থেকে কয়েকটি অটোরিকশা আসছিল। সেটা দেখে আমি আমার বাইকের গতি স্লো করি এবং পেছনে থাকা কভার্ডভ্যানটিকে সিগনাল দেই। কিন্তু কভার্ডভ্যান সেই সিগনাল বুঝতে না পেরে বাইকে ধাক্কা দিলে আমরা দুইজনই ছিটকে পড়ে যাই।”
নিহত আল আমিনের বাবার নাম আলমগীর হাওলাদার। তার গ্রামের বাড়ি বরগুনার আমতলী এলাকায়। আর আহত রাজিব ঢাকার শ্যামপুর থানার খন্দকার রোড এলাকার আনু মিয়ার ছেলে।