০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হাদিকে গুলি: হামলায় ব্যবহৃত বাইকের মালিক সন্দেহে একজন আটক

হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

সোমবার সকালে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে। 

উপকমিশনার হারুন অর রশীদ জানান, শনিবার বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিমপাড়ায়। 

র‌্যাবের কাছ থেকে পুলিশ জেনেছে, আসামি জিজ্ঞাসাবাদে ওই মোটরসাইকেলের মালিক বলে স্বীকার করেছে।

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আব্দুল হান্নান

আব্দুল হান্নান

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।

চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।

হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

শনিবার পুলিশের তরফে আনুষ্ঠানিক ছবি প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই প্রধান সন্দেহভাজনকে ‘শিগগিরই’ আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “আমরা খুঁজতেছি, মূল সন্দেহভাজনকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।”

তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।