১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিপির সাবেক নেতা ও স্বাস্থ্য উপদেষ্টার ২ পিওর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এর আগে একই ধরনের আদেশ আসে উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএসের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 05:36 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিতের আদেশ দিয়েছে আদালত। 

একই ধরনের আদেশ এসেছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানেরে বিষয়েও। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। 

তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও  জাতীয় পরিচয়পত্র স্থগিতের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। 

আবেদনে বলা হয়, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা প্রয়োজন। 

তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও  জাতীয় পরিচয়পত্র স্থগিতের আবেদন করেন দুদকের দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী।

আবেদনে বলা হয়, এই দুজন অবৈধ সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ব্যাহত হতে পারে। 

এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি স্থগিতের আদেশ দেয় আদালত।

নিষেধাজ্ঞার মুখে পড়া চারজনের মধ্যে গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগে ২১ এপ্রিল এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি এপিএস হিসেবে ‘ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

এসব অভিযোগের মুখে ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদমাধ্যমে বলেন, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ জানিয়েছেন।

মোয়াজ্জেমের মত ‘ক্ষমতার অপব্যবহার করে’ দুর্নীতির অভিযোগ রয়েছে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিষয়েও।