০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কুর্মিটোলা হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগুন লাগার পর হাসপাতালের নবম তলার অর্ধেক রোগীকে নামিয়ে আনা হয়। তবে রোগীদের কারও ক্ষতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 01:17 AM

Updated : 05 Sep 2022, 01:17 AM

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছেন।

রোববার রাতে এ ঘটনায় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০ তলা হাসপাতাল ভবনের নবম তলা থেকে অর্ধেক রোগীকে নামিয়েও আনা হয়। তবে রোগীদের কারও ক্ষতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে সেখানে যায়। রাত ১২টা ৮ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

হাসপাতাল ভবনের নবম তলায় বিদ্যুতের একটি নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার পর ওপর থেকে ৫০ শতাংশ রোগীকে নামিয়ে আনা হয়। এর মধ্যেই আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।”

অসুস্থ বাবাকে নিয়ে দশ দিন ধরে ওই হাসপাতালে আছেন সাহেদ হাসান নামের এক তরুণ। তার মাও রাতে হাসপাতালেই ছিলেন।

আগুন লাগার পর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলে আতঙ্কিত হয়ে পড়ার কথা ফেইসবুকে লিখেছেন সাহেদ।