২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে।

বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 06:08 PM

Updated : 28 Sep 2026, 06:08 PM

দুর্নীতির অভিযোগ থাকায় বেস্টওয়ে গ্রুপের এমডি ও সিইও মিজানুর রহমান এবং তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক সেলিম মিয়া দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

আবেদনে বলা হয়, আবাসন ব্যবসার নামে মিজানুর রহমান ও তানিয়া সুলতানা প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। প্লট বরাদ্দের নামে গ্রাহকদের অর্থ নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে মিজানুর রহমান ও তানিয়ার সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা করা হয়েছে।

দুদক বলছে, মিজানুর ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।