১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ মঙ্গলবার শুরু

পরীক্ষার ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 06:19 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

চলতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফরম পূরণ মঙ্গলবার থেকে শুরু হবে। ১২ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত ফরম পূরণ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এরমধ্যে পরীক্ষার ফি বাবদ ৪০০টাকা ও কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা নেওয়া হচ্ছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গত ২৪ অগাস্ট প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে ঢাকা বোর্ড সারাদেশের শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করবে।”

আগামী ৩১ অগাস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে ঢাকা বোর্ড। ১ থেকে ১২ সেপ্টেম্বর ফরম পূরণের পর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফি জমার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 

ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন এখানে 

চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।

‎প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

‎এবার মোট ৪০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। চার বিষয়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।