এনবিআরের কর কমিশনার পদে বড় রদবদল
পদোন্নতি পাওয়া পাঁচজনকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চলগুলোর প্রধানের পদে বড় রদবদল এসেছে; একযোগে ১৫ জনের দায়িত্ব বদল করা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে দায়িত্ব দেওয়া এবং সদস্য হিসেবে দুই কর কমিশনারের পদোন্নতির পর তাদের জায়গায় নতুনদের দায়িত্ব আনা হয়েছে।
এদিন কর কমিশনার হিসেবে (চলতি দায়িত্ব) পদোন্নতি দেওয়া পাঁচজনকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমানকে। তিনি ঢাকার কর অঞ্চল-৫ এর কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া ঢাকার কর অঞ্চল-৭ থেকে কাজী লতিফুর রহমানকে ঢাকার কর অঞ্চল-১ এ; ছাবিনা ইয়াসমিনকে কর অঞ্চল-১৪ থেকে কর অঞ্চল-২ এ; মো. সিরাজুল করিমকে কর অঞ্চল বরিশাল থেকে ঢাকার কর অঞ্চল-৩ এ বদলি করা হয়েছে।
কর অঞ্চল গাজীপুর থেকে মো. শাহাদৎ হোসেন শিকদারকে কর আপিল অঞ্চল-৩ এ; ঢাকার কর অঞ্চল-১৫ থেকে সৈয়দ জাকির হোসেনকে কর অঞ্চল-৫ এ; কর আপিল অঞ্চল-৩ থেকে হেমল দেওয়ানকে কর অঞ্চল-৭ এ; কর অঞ্চল খুলনা থেকে শেখ মো. মনিরুজ্জামানকে ঢাকার কর অঞ্চল-১৪ এ; কর অঞ্চল কক্সবাজার থেকে ফরিদ আহমেদকে চট্টগ্রামের কর অঞ্চল-৪ এ এবং কর অঞ্চল দিনাজপুর থেকে রবিউল হাসান প্রধানকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে বদলি করা হয়েছে।
এর বাইরে কর কমিশনার হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. হাফিজ আল আসাদকে কর অঞ্চল দিনাজপুর; শেখ শামীম বুলবুলকে কর অঞ্চল বরিশাল; বেগম হাসিনা আক্তার খানকে কর অঞ্চল গাজীপুর; মর্তুজা শরিফুল ইসলামকে কর অঞ্চল কক্সবাজার এবং মোহা. আব্দুস সালামকে কর অঞ্চল খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
