১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দায়রা আদালতেও জামিন পাননি লতিফ সিদ্দিকী

“জামিন চাইতে আমরা উচ্চ আদালতে যাবো। আশা করছি, সেখানে ন্যায়বিচার পাবো,” বলেন তার আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ঢাকা মহানগর হাকিম আদালতের পর দায়রা জজ আদালতেও জামিন পাননি আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রোববার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিন লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের পক্ষে তার আইনজীবী তাহমিনা তাহেরিন শুনানি করেন। 

তার আগে গেল ৪ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াস।

সাবেক এই মন্ত্রীর  আরেক আইনজীবী রফিকুল ইসলাম খান বলেন, “ঢাকার মহানগর হাকিম আদালতেও লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর হয়। আজ দায়রা আদালতেও তাই হল। জামিন চাইতে আমরা উচ্চ আদালতে যাবো। আশা করছি, সেখানে ন্যায়বিচার পাবো।”

গেল ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। 

সেখানে ‘মব’ হামলার পর  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অপর আসামিরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল,মো. মহিউল ইসলাম ওরফে বাবু,  মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহ আল আমিন।

একই মামলায় ৮ সেপ্টেম্বর সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় আরেক সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে।

মামলায় বলা হয়েছে, “মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

“সেগুনবাগিচায় বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন।

“একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তীতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।”

আগের খবর:

মঞ্চ ৭১ অনুষ্ঠানে 'মব হামলা': লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার

মঞ্চ ৭১এবার গ্রেপ্তার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার