Published : 08 Sep 2025, 12:55 PM
‘মঞ্চ ৭১‘এর যে অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারকরা হয়েছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবার টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানের পরিচিত মুখ, সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শাহবাগ থানার মামলায় রোববার রাতে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, “ডিআরইউতে মঞ্চ ৭১ এর অনুষ্ঠানের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১‘এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন।
সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পুলিশ বলছে, আবু আলম শহীদ খানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।
সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি ২০১৫ সালে অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র আবু আলম শহীদ খান সরকারি চাকরি থেকে অবসরের পর কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করেছেন।
অবসরের পরের বছরগুলোতে তাকে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিশ্লেষকের ভূমিকায়। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক এই আমলা।