Published : 16 Jul 2026, 12:46 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা দেখলেও নিম্নচাপের আশঙ্কা দেখছে না আবহাওয়া অফিস।
তবে এর প্রভাবে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জুলাই মাসে বৃষ্টি কিন্তু মোটামুটি হয়। সব জায়গায়, কোথাও না কোথাও বৃষ্টি হবে। কিন্তু একটানা সারাদেশে একসঙ্গে যে দুই-তিন দিন বৃষ্টি, ওই বৃষ্টিটা হয়ত হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।”
বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় কয়েকটি নদীবন্দরেও সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
নদীবন্দর সম্পর্কিত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেক ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালের নিয়মিত আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাবনার ইশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।
এছাড়া সিলেটে ৩৫, নীলফামারির ডিমলায় ২৪ ও ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।