২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঈদের আগেই সমাধান চান সচিবালয়ের কর্মচারীরা

আগামী রোববার তিন উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 01:46 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ঈদের আগেই তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন শেষে এ আহ্বান জানান ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর।

তিনি বলেন, “সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। দাবি পূরণ হলে কর্মচারীরা সুন্দর পরিবেশে দায়িত্ব পালন করবে।”

বাদিউল কবীর বলেন, “প্রধান উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করার কারণে বিষয়টি নিষ্পত্তির জন্য অপেক্ষমান। সে কারণে মাঝে একদিন কর্মসূচি থেকে বিরত ছিলাম। 

“সিনিয়র সচিবদের অনুরোধে কঠোর কর্মসূচি থেকে সরে এসে এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। আজ সেটি কর্মচারীরা পালন করেছে।”

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আরেক কো-চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, “ঊর্ধ্বতনরা আমাদের আশ্বস্ত করেছিলেন। ঈদের আগে সময় আছে ৪ দিন। প্রধান উপদেষ্টা আসবেন শনিবার। রোববার হয়তো আশাব্যঞ্জক খবর পাব।” 

তিনি জানান, আগামী রোববার সকাল ১১টায় বাদামতলায় জমায়েত হয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেওয়া হবে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে স্মারকলিপি দেওয়া হবে। 

তবে রোববার ‘ইতিবাচক’ খবর পেলে আন্দোলনকারীরা কাজে ফিরবেন বলে জানান নূরুল ইসলাম।