Published : 03 Feb 2026, 06:23 PM
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা হয় বলে জানিয়েছেন কৌঁসুলি গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, “হত্যার দুটি অভিযোগে রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে।”
ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে আওয়ামী লীগ সরকারের সময় প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা এ রাজনীতিক কারাগারে রয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থান দমাতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।