Published : 19 May 2026, 02:14 PM
এক দশকের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, “আমাদের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠন করা। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। রপ্তানিমুখী শিল্পে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে।
“আগামী পাঁচ বছরে জনপ্রশাসনে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কাজ চলছে।”
বিএনপি সরকারের প্রথম ৯০ দিনের কার্যক্রম তুলে ধরতে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির মধ্যেও সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।”
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে দ্বিতীয় রিফাইনারি ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার আশা করে, এর পরীক্ষামূলক কার্যক্রম ২০২৯ সালে শুরু হবে।
শিক্ষাখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, “দেশে ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এছাড়া ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য মন্ত্রী।
মন্ত্রী স্বপন বলেন, “আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প চালু হবে।”
তিনি বলেন, “টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আগামী ১৮০ দিনের মধ্যে ২,০৩৩ টি কারিগরি ও ৮,২৩২ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই-এর সুবিধা পৌঁছে দিতে পারবে সরকার।”
স্বাস্থ্যখাতে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “সরকার হাম ও টিকা সংকট মোকাবিলায় বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করেছে। ইতোমধ্যে ইউনিসেফকে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।”
তিনি বলেন, ইউনিসেফ ১০ জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। ২ কোটি ২৪ লাখ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে।
এছাড়া দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
পরিবহন ও নগর ব্যবস্থাপনার বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য পৃথক বাস সার্ভিস এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর কাজও এগিয়ে চলছে।
“ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরার মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে।”
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন এবং নিজস্ব গাড়ি ও ব্যক্তিগত খরচে জ্বালানি ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় কমানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৯২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৬০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ও অন্যান্য যাবতীয় খরচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বহন করেছে।
“সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সরকারের প্রথম ৯০ দিন অতিক্রম করেছি।
“দেশের অর্থনীতিকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।"
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।