‘শিকলমুক্ত’ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল: তথ্যমন্ত্রী
সরকারে দেশে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলেছেন জহির উদ্দিন স্বপন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি, তেমনি একটি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল প্রতিজ্ঞ।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর প্রকাশিত ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, অনুষ্ঠানে তথ্যমন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সৃষ্টিশীল শক্তিকে আর কখনো শৃঙ্খলিত করা যাবে না।”
স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরও বাংলাদেশকে বারবার ‘শিকল ভাঙার সংগ্রামে’ নামতে হয়েছে মন্তব্য করে জহির উদ্দিন বলেন, “কারণ জনগণের কণ্ঠকে বারবার দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। এর ফলে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ও আর্থসামাজিক সমৃদ্ধির ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। প্রতিবারই জনগণকে রক্ত, প্রাণ ও ত্যাগের বিনিময়ে সেই শিকল ভাঙতে হয়েছে।”
বহু দেশের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নের গতি ব্যাহত হয়েছে।
“এবারের শিকল ভাঙার মধ্য দিয়ে শুধু নতুন করে জেগে ওঠাই নয়, ভবিষ্যতে যাতে আর কেউ জনগণের ওপর শিকল পরাতে না পারে, সে লক্ষ্যেই একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “শিকল ভাঙার জুলাই কেবল একটি প্রকাশনা নয়; এটি জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল।”
‘শিকল ভাঙার জুলাই’ সংকলনে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিভিন্ন স্মৃতিচারণ, বিশ্লেষণ ও আলোকচিত্র স্থান পেয়েছে।
তথ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলোর উদ্যোগে জুলাই আন্দোলন নিয়ে আরো প্রকাশনা, তথ্যচিত্র ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ করা হচ্ছে বলেও অনুষ্ঠানে তথ্য দেওয়া হয়।
অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও গণমাধ্যমের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
