১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লঞ্চে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 01:19 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ঢাকার কোতোয়ালী থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ।

তিনি বলেন, ওই শিক্ষার্থী রোববার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ অভিযোগে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি ফয়সাল আহমেদ বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই এবং বিস্তারিত শুনে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামি। পরে টানা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। 

“এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়েছে।”

মামলার এজাহারের বরাতে তিনি বলেন, মেয়েকে একটি কেবিনে উঠিয়ে দিয়ে চলে যান তার বাবা। ওই লঞ্চে সাকিব ও নুরুজ্জামান নামে দুজন উঠে রাতে ওই শিক্ষার্থীর কেবিনে যায় এবং নির্যাতন চালায়।