১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: ভর্তি রোগী ৪৩ হাজার ছাড়াল, আরও ১ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৬৯৭ জন।

ডেঙ্গু: ভর্তি রোগী ৪৩ হাজার ছাড়াল, আরও ১ মৃত্যু
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩১৭৩ জনে, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ২৯ বছর।

এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে সেপ্টেম্বর মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ১১ হাজার ৬৯৭ জন। এর আগে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। 

মাসের হিসাবে ডেঙ্গুতে এ বছরের সর্বোচ্চ ৬০ জনের মৃত্যুও হল সেপ্টেম্বরের ২৩ দিনেই। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২১১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

এ ছাড়া ঢাকা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ১৩৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১২৪ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।