১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

সেই সঙ্গে এসেছে পাহাড়ে ভূমিধস আর নগরে জলাবদ্ধতার সতর্কবার্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।

এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বৃষ্টিপাত বলে।

আবওহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। 

“সেই সাথে ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।”

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে

মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।