Published : 12 Jul 2026, 08:54 PM
বাংলাদেশে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রোববার ঢাকা পাকিস্তান হাই কমিশনের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসের ঘটনা দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
“তিনি বলেছেন, এই কঠিন সময়ে দৃঢ়ভাবে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি এবং আহতদের আরোগ্য ও ক্ষতিগ্রস্ত সবার মঙ্গলের প্রার্থনাও তিনি করেছেন।”
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, ঢল, বন্যা ও পাহাড় ধসে রোববার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোববার দুপুরের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত সাত জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জনে।
অপরদিকে মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ এ পোস্ট করা শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে তীব্র বন্যা ও ভূমিধসে মর্মান্তিক প্রাণক্ষয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীরভাবে দুঃখিত।
“পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি অবিচল সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা এবং আক্রান্ত সবার নিরাপত্তার প্রার্থনা করছি।”
এমন প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আরেক বার্তায় শোক জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি বলেছেন, “বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা এবং আমরা ভাবনা ও প্রার্থনায় রয়েছেন এই দুর্যোগে বাস্তুচ্যুত ও আক্রান্তরা।”
তিনি বলেন, “আমি জরুরি এই মুহূর্তে অক্লান্ত পরিশ্রমে থাকা উদ্ধারকারী ব্যক্তি, সেনাবাহিনী, চিকিৎসক দল ও ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
“বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। চলমান উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমের সাফল্য ও আক্রান্তদের নিরাপত্তার প্রার্থনা করছি।”