Published : 10 Sep 2026, 03:56 PM
ভারতের মুম্বাই থেকে আসা এক ফ্লাইটের সাত যাত্রীর কাছ থেকে সাড়ে ৩৮ লিটার মদ জব্দ করার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ায় মঙ্গলবার সকালে আসা ওই যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় একে একে ধরা পড়েন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিশেষ’ এ অভিযানে যে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে, তার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানের বর্ণনায় কাস্টমস গোয়েন্দা বলছে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটে যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ বহন করার গোপন তথ্য ছিল। সেই অনুযায়ী কর্মকর্তারা বিমানবন্দরে নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি অবতরণেরর পর যাত্রীরা ইমিগ্রেশন সেরে ব্যাগেজ নিয়ে যখন গ্রিন চ্যানেল করছিলেন, তখন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করেন।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভুইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমীন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসাইনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনবিআর বলছে, আন্তর্জাতিক এক ফ্লাইটে একাধিক যাত্রীর ব্যাগেজে ‘উল্লেখযোগ্য’ পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি ‘বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’।