Published : 05 Jul 2025, 05:49 PM
দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন।
এ নিয়ে চলতি বছর কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে। আর আক্রান্ত বেড়ে হয়েছে ৬২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। ঢাকা বিভাগের এ বাসিন্দা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সারা দেশে ২৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন ছয়জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭টি নমুনা পরীক্ষায় তিনজন, ময়মনসিংহ বিভাগে সাতটি পরীক্ষা করে একজন, চট্টগ্রাম বিভাগে ২৯টি নমুনা পরীক্ষায় একজন এবং রংপুর বিভাগে পাঁচটি নমুনা পরীক্ষা করে একজন রোগী শনাক্ত হয়েছে।
দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে শনিবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।
কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন ও ২০২৪ সালে ২২ জন মারা যায় কোভিডে।
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।