১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আজিজ আহমেদের ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আইনজীবী

দুদক কোনো ব্যবস্থা না নিলে আইনজীবী রিগ্যান হাই কোর্টে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন।

আজিজ আহমেদের ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আইনজীবী
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:02 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সালাহ উদ্দিন রিগ্যান নামের ওই আইনজীবী বুধবার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর ওই চিঠি পাঠান। 

সেখানে বলা হয়, “আজিজ আহম্মেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

“জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। দেশের সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করেছে।”

এ আইনজীবী বলছেন, “দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেনি; এটি দুদকের নিষ্ক্রিয়তা বলে অভিযোগে বলা হয়।”

অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান সাংবাদিকদের বলেন, “পত্রিকায় প্রকাশিত হয়েছে তিনি (আজিজ) ভুয়া তথ্য দিয়ে ই পাসপোর্ট করতে সহায়তা করেছেন এবং জাল এনআইডি তৈরি করতে প্রভাব বিস্তার করেছেন। 

“আমরা বলছি না যে উনি দুর্নীতি করেছে কী করেননি। বলেছি বিষয়টি তদন্ত করে দেখা হউক আসলে ঘটনা কী। তখন সত্যিটা বেরিয়ে আসবে।” 

দুদক কোনো ব্যবস্থা না নিলে হাই কোর্টে রিট আবেদন করবেন বলে জানান রিগ্যান।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন।

গত ২০ মে এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলা হয়, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন।

দুর্নীতি ও স্বজনপ্রীতির ওই অভিযোগ ‘অসত্য’ বলে পরদিন দাবি করেন আজিজ আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনীর প্রধান হিসেবে বা সেনাপ্রধান হিসেবে তিনি কোনো দুর্নীতি করেছেন- এমন প্রমাণ করতে পারলে ‘যে কোনো পরিণতি’ তিনি মেনে নেবেন।

পুরনো খবর

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অভিযোগ প্রমাণ করতে পারলে'পরিণতি'মেনে নেব:জেনারেল আজিজ

জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা:যা বললেন দুই মন্ত্রী