সাংবাদিক আমীরুল মোমেনিন মারা গেছেন
বাসসের প্রধান বার্তা সম্পাদকের পদ থেকে অবসরে যাওয়ার আগে তিনি দৈনিক খবর, বর্তমান দিনকাল ও দৈনিক কিষানেও কাজ করেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক আমীরুল মোমেনিন মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বড় ছেলে আদনান মালিক রোহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে তিনি বলেন, "বাবা দেড় বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন; তার চিকিৎসা চলছিল। আজ শরীর খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
আমীরুল মোমেনিন ২০১৪ সালে বাসসের প্রধান বার্তা সম্পাদক থেকে অবসরে যান।
বাসসের বার্তা সম্পাদক ওমর ফারুক বলেন, দৈনিক খবর, বর্তমান দিনকাল, দৈনিক কিষানেও কাজ করেছেন আমীরুল মোমেনিন।
দুই ছেলে এক মেয়ে রয়েছে আমীরুল মোমেনিনের। তার গ্রামে বাড়ী বাগেরহাটের কুলিদাঁড় গ্রামে। সেখানে তার দাফন হবে বলে জানান রোহান।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া শোক জানিয়েছেন।
