১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্ত্রী-কন্যাসহ নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

স্ত্রী-কন্যাসহ নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 05:11 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুজ্জামান নানক এবং তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস ও মেয়ে এস আমরীন রাখীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদক আবেদনে বলেছেন, নানক এবং অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।  সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। তাই দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে টেলিকম কোম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে নানকের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় নানকের স্ত্রী ও মেয়েকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখি রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের দায়িত্বে থাকার সময় য় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকার সমমূল্যের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ সময় জাহাঙ্গীর কবির নানক এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার প্রভাব খাটিয়ে মুদ্রা পাচারে তার স্ত্রী ও মেয়েকে সহযোগিতা করে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।