১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি প্রবাসী

ইতোমধ্যে ১৯ হাজার ৩৮৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে, বলছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

দেশের বাইরে থাকা চার লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত ভোট দিয়েছেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, এদিন দুপুর দেড়টা পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোট দেন। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোট দেওয়া শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন বলেছে, ইতোমধ্যে ১৯ হাজার ৩৮৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

বাংলাদেশ থেকে ৬ লাখ ৮৩ হাজার ১২২ প্রবাসীর কাছে এ ব্যালট পাঠিয়েছে কমিশন। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ প্রবাসী।

প্রবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে পাঠাতে বলেছে কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পোঁছালেই কেবল সেটি ভোট গণনায় যুক্ত হবে।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওই দিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।