১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক ধর্মমন্ত্রীর একান্ত সচিব আজাদের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদের’ মামলা

দুদক বলছে, আবুল কালাম আজাদ ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার সম্পদ অর্জন করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের একান্ত সচিব ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

মামলার এজাহারে দুদক বলেছে, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে’ আবুল কালাম আজাদ ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়া ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদের তথ্য ‘গোপন করেছেন’ এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবুল কালাম আজাদ ১৯৯১ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রায় এক বছর চার মাস বিসিএস (আনসার) ক্যাডারে চাকরিতে ছিলেন। এরপর ১৯৯৩ সালের ১ এপ্রিল তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।

পদোন্নতির মাধ্যমে অতিরিক্ত সচিব হন তিনি। সর্বশেষ মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

দুদকের নথিতে বলা হয়েছে, আবুল কালাম আজাদ দক্ষিণ কল্যাণপুর, মিরপুরে নিজ নামে থাকা সম্পদ, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি ও নগদ অর্থ সম্পদ বিবরণীতে গোপন করেছেন। তার মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা। 

এর মধ্যে বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকার। বাকি সম্পদ ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে দুদকের ভাষ্য।