এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: এবার ৪ লাখ পরীক্ষার্থীর আবেদন
ফল পুনর্নিরীক্ষণের সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বিভাগ থেকে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করছেন।
এসব পরীক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন।
তিনি বলেন, এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। ফলে ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ এখনও নির্ধারণ হয়নি।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
গত ১০ অগাস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ অগাস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। সোমবার পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।
প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণে ১৫০ টাকা হারে ফি দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
কোন বোর্ডে কত আবেদন
ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
কুমিল্লা বোর্ডের ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি পত্রের ফল, রাজশাহী বোর্ডের ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী ৯৮ হাজার ৭১০টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
যশোর বোর্ডের ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী ৭৪ হাজার ৭১৭টি পত্রের, চট্টগ্রাম বোর্ডের ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের, বরিশাল বোর্ডের ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
এ ছাড়া সিলেট বোর্ডের ২০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী ৫০ হাজার ৭১০টি পত্রের, দিনাজপুর বোর্ডের ৩৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্রের এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
