Published : 01 Jul 2026, 08:47 PM
রাজধানীর ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
অভিযানকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা আদায় করার কথা ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও সংলগ্ন এলাকায় এই বিশেষ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
“অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।”
ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় পাঁচটি মামলায় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।