Published : 10 Sep 2026, 03:26 PM
ঢাকার ধানমন্ডিতে পাদুকা কোম্পানি এপেক্সের গুদামে আগুনের সূত্রপাত বিদ্যুতের প্যানেল থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সংস্থার ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এপেক্সের গোডাউনে আগুন লাগে। এতে কোনো হতাহত হয়নি।
“আগুনের কারণ তদন্ত ছাড়া এখনই বলা যাবে না। তবে গোডাউনের লোকজন জানিয়েছেন, বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথমে ধোঁয়া দেখতে পান তারা। পরে নিজেদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।”
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন গুদামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভেতরে আর কোনো আগুনের শিখা নেই, তবে ধোঁয়া রয়েছে। ধোঁয়া বের করে দেওয়ার পর পুরোপুরি নির্বাপণের কাজ শেষ করা হবে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জাহেল কামাল বলেন, “আগুনে গোডাউনে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”
গুদামের ফায়ার লাইসেন্স ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।”