১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কর্মস্থল বদল ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তার

ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার, মাগুরা পেল নতুন ডিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 02:48 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

প্রশাসনের রদবদলের অংশ হিসেবে সরকারের ছয়জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। 

এছাড়াও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার এবং মাগুরায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসব রদবদল করে সোমবার ও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর প্রশাসনে রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এই আট কর্মকর্তাকে নতুন পদে দায়িত্বে দেওয়ার প্রজ্ঞাপন এল।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার পদে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ। 

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান করা হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক-ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তাদের এই তিন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।